গাজীপুর নিউজ ডটকম, কালিয়াকৈর (২৪) :
কালিয়াকৈরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে যৌনপল্লীতে বিক্রির অভিযোগে মঙ্গলবার বিকেলে পুলিশ সুজন (২৫) নামে এক যুবককে আটক করেছে।
আটক সুজন নাটোরের বাগাতিপাড়া থানার হাট গোবিন্দপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার ডাইনকিনী এলাকার খবির উদ্দিনের বাড়ির এক ভাড়টিয়ার মেয়ের সঙ্গে সুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
এরই সূত্রধরে গত ১৯ মার্চ দুপুরে সুজন তার দুই সহযোগী নিয়ে মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে যায়।
পরে তাকে দৌলতদিয়ার যৌপল্লীতে মাত্র ১০ হাজার টাকার বিনিময়ে শেফালী নামে এক নারীর কাছে বিক্রি করে চলে যায়। সেখানে মেয়েটি অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়।
একমাস পর গত রোববার রাতে হেলাল উদ্দিন নামের এক ব্যক্তির সহযোগিতায় মেয়েটি যৌনপল্লী থেকে পালিয়ে বাড়িতে চলে যায়।
পরে এ ঘটনা তার পরিবারকে জানালে মেয়েটির বাবা বাদী হয়ে সোমবার রাতে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে ডাইনকিনি এলাকা থেকে সুজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুজন কালিয়াকৈর থানা হাজতে আটক ছিল।

