গাজীপুর নিউজ ডটকম, ঢাকা (২৫ জুন) : সৌদি আরবে দীর্ঘ ৯ দিনের সফর শেষে আজ সোমবার ভোরে ঢাকা পৌঁছেছেন বিরোধী দলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বাহরাইন থেকে তাকে বহন করা বিমানটি ভোরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
খালেদা জিয়া সৌদি আরবের স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টার দিকে রিয়াদ থেকে গালফ এয়ারের ১৬২ নম্বর ফ্লাইটে বাহরাইন পৌঁছেন। সেখানে যাত্রা বিরতি শেষে বাহরাইনের স্থানীয় সময় রাত ৮টা ২০মিনিটে ২৫০ নম্বর ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয় খালেদা জিয়াকে বহন করা বিমানটি।
বিমানবন্দরে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু ও আমানউল্লাহ আমান।

